আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার তানভীর রহমানের জামিন চেয়ে আবারও হাইকোর্টে আবেদন করা হয়েছে।
রোববার সকালে এই আবেদন করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় মানবাধিার কশিনের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।
হাইকোর্টের বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি মো.আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আবেদনের শুনানি হবে বলে জানান আইনজীবী।
এর আগে গত ২ সেপ্টেম্বর বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনটি ফেরত দিয়েছিল।
চলতি বছরের ৯ ফেব্রুয়ারি তানভীরের বাবা মাহবুবুর রহমান ছেলের জামিনের বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনে একটি আবেদন করেন। ওই আবেদন শুনানির সময় ফেরত দেয়ার পরে আবারও আবেদন করা হয়েছে।
১৩ জুলাই ওই আবেদন বিবেচনায় নিয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের পক্ষে তানভীরের জামিন চেয়ে একটি রিট করেন।
এ রিটের শুনানি নিয়ে ওইদিন হাইকোর্টের একটি বেঞ্চ তানভীরের জামিনের বিষয়ে ফৌজদারি শুনানির এখতিয়ার সম্পন্ন কোনো বেঞ্চে আবেদন করার পরামর্শ দেন।
পরে বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন বেঞ্চে তানভীরের জামিনের বিষয়ে আবেদন করা হলে ওই বেঞ্চ জামিন আবেদন ফেরত দেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
পরে এই মামলায় একই বছরের ১ অক্টোবর তানভীরকে আটক করা হয়।
ঢাকা, একে, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





