ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সুপারভাইজার বিকাশ চন্দ্র দাসকে নির্যাতনের অভিযোগে এসআই আকাশকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার পর তদন্ত কমিটি গঠনের পাশাপাশি আপাতত এসআই আশরাফ হোসেন আকাশকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকালের দিকে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
এদিকে শনিবার দুপুরে সরেজমিন গিয়ে জানা যায়, শুক্রবার গভীর রাতে বিকাশকে উন্নত চিকিৎসার জন্য ল্যাবএইড হাসপাতালে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
বিকাশের বড় ভাই প্রকৌশলী দিপক কুমার চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, ‘তার মাথায় ১০ থেকে ১২টি আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্ন নির্ণয় করতে সিটিস্ক্যান করা হয়েছে। তবে রাতে চিকিৎসকরা দেখে এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। ঘটনার পর থেকেই বিকাশ কোনো কথা বলতে পারছেন না। চোখ বন্ধ করে থাকেন। খাওয়া-দাওয়া করছেন না। আর চিকৎসকরা বলেছেন ৭২ ঘণ্টা না গেলে কোনো কিছুই নিশ্চিত করে জানানো যাবে না।’
ল্যাবএইডের সহযোগী অধ্যাপক এস আই এম খায়রুন্নবী খানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে ডিএনসিসির এ কর্মকর্তার। তিনি বিকেলে মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, ‘নাক, হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে তাকে আঘাত করা হয়েছে। মাথার আঘাত গুরুতর। সন্ধ্যার পর তার সিটিস্ক্যান দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তার শরীরে প্রচণ্ড ব্যথা আছে। এ ছাড়া মাথায় রক্তক্ষরণ হতে পারে বলে এই নিউরো বিশেষজ্ঞ জানান।
এমএম





