আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। স্টেশনের বাইরে এবং ভেতরে পুলিশের সরব উপস্থিতি দেখা গেছে।
স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে আজ শুক্রবার (০৯ ডিসেম্বর) অন্যান্য দিনের চেয়ে যাত্রীর চাপ অনেক কম।
কমলাপুর স্টেশনে দেখা যায়, বাইরে একসঙ্গে বেশি মানুষকে জটলা করতে দিচ্ছে না পুলিশ। দলবদ্ধ অবস্থান দেখলেই সরিয়ে দেওয়া হচ্ছে। স্টেশনের ভেতরে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি পুলিশ বুথেও পর্যবেক্ষক টিম কাজ করছে।
স্টেশনে দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, ঢাকার বাইরে থেকেও খুব কম যাত্রী আসছে। যাত্রীরা আতঙ্কে থাকায় এমনটি হতে পারে।
আমানুর রহমান নামে এক যাত্রী জানান, আমাকে স্টেশনে ঢোকার সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কোথায় যাব, কেন যাব, জানতে চাওয়া হয়েছে৷ টিকিট চেক করা হয়েছে। তবে হয়রানিমূলক কিছুই হয়নি।
পুলিশ বলছে, সুনির্দিষ্ট তথ্য থাকলে আমরা চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করি। কমলাপুর রেলস্টেশন এলাকায় চেকপোস্ট বসানোর পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিয়মিত কাজের অংশ হিসেবেই সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। তবে কাউকে হয়রানি করা হচ্ছে না।
এবিএস





