ঘুষ দাবির অভিযোগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর) মাহমুদা বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার মাহবুব মোর্শেদ সোহেল নামে এক ব্যবসায়ী বাদি হয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো.ওবায়দুস সোবহানের আদালতে মামলাটি দায়ের করেছেন।
আদালত মামলার আরজিতে আনা অভিযোগ আমলে নিয়ে নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার কুসুম দেওয়ানকে অনুসন্ধান করে ৩০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
জানতে চাইলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো.ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চি করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার আরজিতে মাহমুদা বেগমকে সিএমপির সহকারী কমিশনারের পাশাপাশি সোয়াট টিমের চট্টগ্রামের প্রধান বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় মাহমুদা বেগমের সঙ্গে চান্দগাঁও থানার এস আই খালেদ উদ্দিন ও এস আই হাফিজুল ইসলামসহ চারজনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলায় বাদি মাহবুব মোর্শেদ সোহেলকে নগরীর মুরাদপুর এলাকার রয়েল এগ্রো ফার্ম এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলে উল্লেখ করা হয়েছে।
মামলার আরজিতে ২০১৪ সালের ১০ মার্চ, ৩ আগস্ট ও ৪ আগস্ট তিনটি ঘটনার সময় উল্লেখ করে বলা হয়েছে, অভিযুক্তরা বাদির দুই শিশুপুত্রকে বিনা অপরাধে চান্দগাঁও থানায় আটকে রেখে এক লক্ষ টাকা ঘুষ দাবি করেছেন।
অভিযুক্তদের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





