বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে গয়েশ্বরের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী নিতাই রায় চৌধুরী।

রাজধানীর রামপুরা থানার বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

রোববার বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে গয়েশ্বরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, তাকে সহযোগিতা করেন মিথুন রায় চৌধুরী।

এর আগে গত ৪ নভেম্বর বিস্ফোরক আইনের মামলায় আদালতে আত্মসমর্পণের পর বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক। এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন গয়েশ্বরের আইনজীবীরা। আজ আপিলের শুনানি শেষ তাকে জামিন দেন হাইকোর্ট।

অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, বিএনপি নেতা গয়েশ্বরের বিরুদ্ধে মোট ২৭টি মামলা ছিল। বিভিন্ন সময়ে ২৬টি মামলায় জামিন পেয়েছেন তিনি। সর্বশেষ আজ রামপুরা থানার মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে বাধা নেই।

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গয়েশ্বর জামিনে থাকবেন বলে জানান এই আইনজীবী।

২০১৩ সালের ডিসেম্বরে বিস্ফোরক আইনে রামপুরা থানায় এই মামলা দায়ের করা হয়।

এসএইচ