রাজধানীর উত্তরায় ১৮ হাজার ৮০০ ইউএস ডলার ছিনতাই মামলায় পুলিশের এএসআইসহ দুইজনকে ২ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ (১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে ঢাকার দ্রুত বিচার আদালত-৩ এর বিচারক দেবদাস চন্দ্র অধিকারী আসামিদের উপস্থিতে এই রায় ঘোষণা করেন।

একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাভোগের আদেশ দেন আদালত।

কারাদণ্ডের পাওয়ারা হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন ও মাছুম বিল্লাহ।  

সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মো. ইলিয়াস ২০১৭ সালের ৪ এপ্রিল উত্তরা (পূর্ব) থানা এলাকার রাজলক্ষ্মী মার্কেটের সামনে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি প্রাইভেটকার তার সামনে এসে থামে। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে ডিবি পরিচয়ে দিয়ে তাকে গাড়িতে তুলে নেয়। এরপর তারা তার কাছে থাকা মানি এক্সচেঞ্জের ১৮ হাজার ৮০০ ইউএস ডলার (১৫ লাখ ৪ হাজার টাকা) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় ইলিয়াসের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। আসামিরা তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মাসুম বিল্লাহকে আটক করে। এসময় অপর ৪ জন পালিয়ে যায়। পরে পুলিশ মাসুম বিল্লাকে জিজ্ঞাসাবাদ করলে সে এই ঘটনার সঙ্গে এএসআই আলমগীর হোসেন, হাবিব ডলার, রাশেদ ও সুমন নামে ৪ জনের জড়িত থাকার কথা স্বীকার করে। পরে এএসআই আলমগীরকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ।

এমবি