রাজধানীর মুগদা থানাধীন মান্ডা এলাকা থেকে মাহবুব ওরফে মুহিবুল্লাহ নামে এক যুবককে আটক করে নিয়ে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।
শনিবার দিনগত রাত ১২টার দিকে মান্ডা বড়পাড়া জুরা মসজিদ সংলগ্ন ৪ নাম্বার ওয়ার্ড এলাকার একটি বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ওই যুবককে আটক করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
রাজধানীর তোপখানা রোডস্থ ‘মাছরাঙ্গা কনসাল্টেন্ট লিমিটেড’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক্সুকিউটিভ অফিসার (ট্যাক্স, একাউন্ট এবং কোম্পানী ল’) পদে চাকুরি করেন মাহবুব।
কোন অভিযোগের ভিত্তিতে মাহবুবকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে তা জানায়নি ডিবি সদস্যরা। এ ঘটনায় আটককৃতের পরিবারের পক্ষ থেকে মুগদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও তা গ্রহণ করেনি পুলিশ। এনিয়ে পরিবারটি রয়েছে দুশ্চিন্তায়।
আটককৃত মাহবুবের বাবা বরকতউল্লাহ রাতে অভিযোগ করে বলেন, রাত ১২টার দিকে কিছু লোক এসে বাসার দরজায় কড়া নাড়ে। দরজা খোলা মাত্র তারা ভেতরে প্রবেশ করে চারদিকে তল্লাশী শুরু করে।
মাহাবুব ঘুম থেকে উঠলে জিজ্ঞাসা করে তোমার নাম কি, মাহাবুব নাম তার জানায়। আরও কোনো নাম আছে কিনা জানতে চাইলে মাহাবুব বলে এলাকায় সবাই মুহিবুল্লাহ নামে জানে।
এরপর ডিবি পোষাক পরিহিত ওই লোকগুলো বলেন, ‘আমরা ডিবির লোক। আমাদের সাথে আপনাকে যেতে হবে’। এই বলে মাহাবুবকে আটক করে একটি গাড়ীতে উঠিয়ে নিয়ে যায় তারা।
তবে কোন অভিযোগের ভিত্তিতে মাহবুবকে আটক করা হলো জানতে চাইলে তারা উত্তর না দিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি বলে অভিযোগ করেন মাহবুবের বাবা বরকতউল্লাহ।
তিনি বলেন, ‘আদৌ ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে গেলো নাকি অন্য কেউ তা বুঝতে পারছি না। এনিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’ ঘটনার পর থেকে মাহবুবের মা নেকলেস বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। কান্নাকাটি করছেন।
অন্যদিকে রাত পেড়িয়ে সকাল হলেও মাহবুবের কোনো খোঁজ না মেলায় ছোট ভাই হাবিবুল্লাহ ও বোন জামাই সলিমুল্লাহ সাধারণ ডায়েরি করার জন্য মুগদা থানায় যান। কিন্ত ২ ঘন্টা বসিয়ে রেখে পুলিশ তাদের জিডি গ্রহণ করেন নি।
এব্যাপারে বোন জামাই সলিমুল্লাহ বলেন, ওসি স্যার নেই সেজন্য জিডি নিচ্ছে না পুলিশ। পরে তিনি আবার জানান, ওসি সাহেব একবার এসে চলে গেছেন। এরপর দুঘন্টা বসিয়ে রেখে তারা জিডি গ্রহণ করেন নি।
এব্যাপারে যোগাযোগ করা হলে ডিউটি অফিসার এসআই মিজানুর রহমান প্রথমে জানান, এধরণের কেউ থানায় জিডি করতে আসেন নি।
পরে সব তথ্য দিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঠিক আছে আমরা ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু সর্বশেষ খোঁজ নিয়ে জানা গেছে জিডি নেয় নি মুগদা থানা পুলিশ।
পরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রাতে যোগাযোগ করা হলে এসআই আব্দুল হক জানান, এধরণের কাউকে আটক করে এখানে আনা হয়নি। ভুক্তভোগী পরিবারকে থানায় জিডি করার পরামর্শ দেন তিনি।
পরে রোববার সকাল সাড়ে ৯টায় পুনরায় ডিবি কার্যালয়ে যোগাযোগ করা হলে এসআই মুক্তার বলেন, মাহবুব নামে কাউকে আটকের তথ্য নেই তাঁর কাছে। রোববার দিনের মধ্যে ডিবি কার্যালয়ে তাঁকে আনা হলে পরিবারের সাথে কথা বলানোর ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে ডিএমপি ডিসি (মিডিয়া) মাসুদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এধরণের কোনো তথ্য তিনি জানেন না। তিনিও ডিবি কার্যালয়ে খোঁজ নেয়ার পরামর্শ দেন।





