পুলিশ সোর্স জয়নাল হত্যা মামলায় জেএমবির দুই সদস্যকে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ফাসিঁর দণ্ডপ্রাপ্ত সদস্যরা হলেন সাইফুল ইসলাম ও আব্দুর রহমান।

বুধবার দুপুরে ঢাকা দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ বি এম নিজামুল হক এ রায় দেন।

এদিন রায় ঘোষণার জন্য আসামিদের কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। এ মামলায় বিভিন্ন সময় ট্রাইব্যুনালে ১৬ জন্য সাক্ষী প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট তাছলিমা ইয়াসমিন দীপা বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট। বাদী পক্ষ এ রায়ে ন্যায় বিচার পেয়েছে। এ রায় যেন দ্রুত বাস্তবায়ন হয় তা আমরা সরকারের কাছে জোর দাবি জানাই।’

আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট ফারুক আহম্মদ বলেন, ‘এ রায়ে আসামি পক্ষ ন্যায় বিচার পায়নি। ঘটনার সময় আসামিরা নাবালক ছিলেন। রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করব। আসামিরা সম্পূর্ণভাবে ‍নির্দোষ। তারা এ অপরাধের সঙ্গে কোনোভাবে জড়িত না।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টাঙ্গাইল থানার বাইপাস চেকপোস্টে ঢাকাগামী পরিবহন চেক করার সময় জেএমবির সদস্য সাইফুল ইসলাম ও আব্দুর রহমান পুলিশকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলিবর্ষণ করে।

এতে ট্রাফিক পুলিশ সিরাজ মিয়া ও পুলিশ সোর্স জয়নাল আবেদীন গুলিবিদ্ধ হন। পরে জয়নাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক গোলাবারুদ, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

এ সময় তারা নিজেদেরকে জেএমবির সদস্য বলে পরিচয় দেয়। ওইদিন তাদের বিরুদ্ধে পুলিশকে হত্যা করা চেষ্টা, অস্ত্র ও বিস্ফোরক আইনে টাঙ্গাইল থানায় মামলা দায়ের করেন ট্রাফিক পরির্দশক মো: আব্দুর রব।

২০০৭ সালের ৭ জুলাই সাইফুল ইসলাম ও আব্দুর রহমানকে অভিযুক্ত করে সিআইডি পুলিশ পরিদর্শক সঙ্কর চন্দ্র আদালতে অভিযোগপত্র দেন।

২০১২ সালের ১১ সেপ্টেম্বর মামলাটি টাঙ্গাইল আদালত থেকে ঢাকার দ্রুত বিচার চার বদলি করা হয়।

এসএইচ