লাইসেন্স ও কাগজপত্রে সমস্যা থাকার কারণে জাবালে নূর পরিবহনের ৬টি বাস জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ (১১ আগস্ট) রাজধানীর বিভিন্নস্থান থেকে বাসগুলো আটক করে র্যাব-১ ও র্যাব-৪’র সদস্যরা।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রুট পারমিট বাতিল সত্ত্বেও পরিবহন পরিচালনার অভিযোগে জাবালে নূর পরিবহনের ৬টি বাস রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করেছেন র্যাব-১ ও র্যাব-৪ সদস্যরা। বিষয়টি যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
জাবালে নূর পরিবহনের বাসগুলো বসিলা থেকে আসাদগেট, কলেজগেট, আগারগাঁও, মিরপুর-১০ নম্বর, কালসি হয়ে আবদুল্লাহপুর রুটে চলাচলের রুট পারমিট রয়েছে।
গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের ১টি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপায় দিলে ২ কলেজ শিক্ষার্থী নিহত হয়। এছাড়া, আহত হয় বেশ কয়েকজন। নিহত শিক্ষার্থীরা হলো- শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব।
এই ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। গতকাল (০৪ আগস্ট) রাজধানীর জিগাতলায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ। হামলার শিকার শিক্ষার্থীরা সেখানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজ করছিল।
আন্দোলনকারীদের ওপর লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রথম দফা হামলা করেছে এক দল যুবক। শিক্ষার্থীদের দাবি তারা স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এই সময় তাদের সঙ্গে যোগ দেন পুলিশ সদস্যরা।
এই ঘটনার পর জাবালে নূর পরিবহনের দুটি বাসের নিবন্ধন বাতিল করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। পরে বাসের চালক, মালিক ও হেলপারকে গ্রেফতার করে পুলিশ।
এমবি





