একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার বন কর্মকর্তা মো. ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত দুই সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এ আদেশ দেন।
গত ৯ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মো. ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলমকে গ্রেপ্তার করে র্যাব। আজ তদন্ত সংস্থা মো. ইউসুফ আলীকে হাজির করলে ট্রাইব্যুনাল কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের জ্যেষ্ঠ সরকারি কৌঁসুলি হায়দার আলী এ কথা জানান।
এর আগে ৯ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মো. ইউসুফ আলী ওরফে এ কে এম ইউসুফ আলমকে সুন্দরবন পূর্ব বিভাগের দুবলা এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। ইউসুফ বন বিভাগের শরণখোলা রেঞ্জের শরণখোলা স্টেশন কর্মকর্তা। তাঁর বাড়ি জামালপুরের চাঁনপুর হরিণাকান্দা গ্রামে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আলবদর বাহিনীতে যোগ দিয়ে তিনি ময়মনসিংহের মুক্তাগাছার সুবর্ণখিলা এলাকায় গণহত্যা, অগ্নিসংযোগ ও নির্যাতন চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
এমএইাচ





