রাজধানীর খিলগাঁওয়ের শান্তিপুরে ছিনতাইকারীদের গুলিতে শরিফ হোসেন ওরফে সায়মন (৩২) হত্যাকাণ্ডে সন্দেহের তীর যাচ্ছে নিহতের বড়বোনের স্বামীর দিকে।
ছিনতাইকৃত ৪৮ লাখ টাকার ৬ লাখ উদ্ধার হয়েছে বড়বোনের স্বামী পরাগের যাত্রাবাড়ীর বাসা থেকে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই লিয়াকত আলী এই তথ্য জানান।
তিনি বলেন, ‘ছিনতাইকৃত ৪৮ লাখ টাকার মধ্যে ৬ লাখ টাকা শনিবার রাতে সায়মনের বড় বোনের স্বামী পরাগের যাত্রাবাড়ীর বাসা থেকে পুলিশ উদ্ধার করেছে। যাত্রাবাড়ীতে পরাগের ভাই ও বাবা মা থাকে।’
এসআই বলেন, ‘এ বিষয়ে আমরা পরাগকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। তিনি বিষয়টি চাপিয়ে যাওয়ার কথা বলেছেন। তার কাছে টাকা কিভাবে পৌঁছলো সেটা খতিয়ে দেখা হবে।’
তদন্ত কর্মকর্তা আরও বলেন, ‘পরাগ জানিয়েছেন তার কাছে ড্রাইভার নাকি টাকাটা দিয়েছিলেন। কিন্তু তিনি পরিবারকে জানানোর সময় পাননি। ড্রাইভার ছয় লাখ টাকা কেন পরাগকে দিলেন সে বিষয়টিও খতিয়ে দেখা হবে।’ সায়মনের বোনের স্বামী গোয়েন্দা নজরদারিতে আছেন।’
উল্লেখ্য, খিলগাঁওয়ের শান্তিপুরে গত বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীরা মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী শরিফ হোসেন ওরফে সায়মনকে (৩২) গুলি করে হত্যা করে তার কাছ থেকে ব্যাগভর্তি ৪৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার বাবা ইসরাফিল হোসেন (৫৫) গুলিবিদ্ধ হন।
গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শরিফ হোসেন ও তার বাবা মতিঝিলের ১১৫/১২০ আদমজী কোর্টে ইউনিভার্সাল মানি এক্সচেঞ্জের মালিক।
এই ঘটনার একদিন পর শুক্রবার সায়মনের চাচা বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





