চট্টগ্রাম বন্দরে ৩৭০ লিটার তরল কোকেন আটকের ঘটনায় দায়ের হওয়া মামলায় খানজাহান আলী গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের করা এক আবেদনে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করেন।
এ আদেশের ফলে কারামুক্ত হচ্ছেন না নূর মোহাম্মাদ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি বলেন, ৩৭০ লিটার তরল কোকেন আটকের মতো গুরুত্বপূর্ণ মামলায় আসামীকে জামিন দেয়া হলে তদন্ত কাজ বাধাগ্রস্থ হবে। এজন্য আমরা জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করি। ওই আবেদনের শুনানি করে আদালত জামিন স্থগিত করেছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।
মাসুদ হাসান জানান, চেম্বার বিচারপতি নূর মোহাম্মেদের জামিন স্থগিত করে ১৪ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।
তরল কোকেন সন্দেহে গত বছরের ৬ জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার সিলগালা করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ২৭ জুন শুল্ক গোয়েন্দা অধিদফতর জানায়, কেমিক্যাল পরীক্ষায় একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া গেছে।
একই বছরের ২৮ জুন নগরীর বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নূর মোহাম্মদ ও সোহেলকে আসামি করে মামলা করে। এই মামলায় র্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জানুয়ারি অভিযান চালিয়ে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে।
বিচারিক আদালত নূর মোহাম্মদের জামিন না-মঞ্জুর হওয়ার তিনি হাইকোর্টে জামিনের আবেদন জানান। এই জামিন আবেদনের শুনানি শেষে ১৬ জুন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
এমআইএস





