কুষ্টিয়া সদর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রফিক উদ্দিন (৩৫)। তিনি উপজেলার বাড়াদী গ্রামের বাসিন্দা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন দাবি করেন, রাতে পুলিশের কাছে খবর আসে ভাদালিয়া স্বস্তিপুর এলাকায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ও  ডিবি পুলিশের দুটি টিম ঘটনাস্থলে অভিযানে যায়। তখন মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।

‘কিছুক্ষণ পর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় রফিককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

ওসি আরো দাবি করেন, ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, দুটি গুলি, দুটি ম্যাগাজিন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এই ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলীসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। রফিকের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমআর