বইয়ের মধ্যে ইয়াবা নিয়ে ঢাকায় আসার পথে কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর আড়াইটার দিকে শামীম হোসেন নামে ওই যুবককে আটক করা হয়।

কমলাপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, চট্টগ্রাম থেকে আসা সুবর্ণ এক্সপ্রেস থেকে কমলাপুর রেলস্টেশনে নামেন শামীম।

এ সময় তার গতিবিধি সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগে পুরাতন বইয়ের ভেতরে অভিনব পন্থায় লুকানো ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।

ওসি আরও বলেন, এর আগেও কয়েকবার এভাবে চট্রগ্রাম থেকে ইয়াবা ঢাকায় এনেছেন বলে স্বীকার করেছেন শামীম।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আব্দুল মজিদ।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর