হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এক কোটি ৭৫ লাখ টাকা মূল্যের চার কেজি তিনশ গ্রাম সোনা আটক করেছে কাস্টম গোয়েন্দা ও শুল্ক বিভাগ।
মালয়েশিয়া থেকে আসা যাত্রী আমিনুল ইসলামের ব্যাগ তল্লাশি করে শনিবার রাত ২টার দিকে সোনাসহ তাকে আটক করা হয়।
বিমান বন্দরের শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামাণিক বলেন, ‘মালয়েশিয়া থেকে আসা এমএইচ-১৯৬ ফ্লাইটটি রাতে ঢাকায় পৌঁছায়। বিমান বন্দরের গ্রীন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহজনকভাবে আমিনুল ইসলামের ব্যাগ তল্লাশি করা হয়। পরে তার ব্যাগে চার কেজি তিনশ গ্রাম সোনা পাওয়া যায়।’
আটক ওই যাত্রীর বাড়ি গোপালগঞ্জ জেলায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান শুল্ক কর্মকর্তা।
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





