স্ত্রীর পরকীয়ার জেরে নিহত রাকিব ওরফে বাবু হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও নিহতের স্ত্রীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— শিবগঞ্জ উপজেলার পরানপুর-বলিহারপুরের মেহরাব হোসেন ওরফে বাচ্চু, মহেশপুরের জামাল উদ্দীন ও ছোট মহেশপুরের হযরত আলী।

অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- পরানপুর বলিহারপুরের রাকিবের স্ত্রী সাহেরা খাতুন, মো. মোহবুল, মো. মিটুল ও ছোট মহেশপুর গ্রামের আসলাম। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আটজনকে বেকসুর খালাস দেন।

মামলার এজাহারের বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৫ সালের ২৯ মার্চ রাতে স্ত্রী সাহেরা খাতুনের পরকীয়ার জেরে শিবগঞ্জের পরানপুর বলিহারপুরের নাইমুল ইসলামের ছেলে রাকিবকে পিকনিকের নামে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে আসামিরা।

পরের দিন সকাল ৭টার দিকে মহেশপুরের মহানন্দা নদী থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন।

পরে ২০১৬ সালের ১৩ জুলাই ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম।  ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

এমআর