রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরণের জাল ষ্ট্যাম্পসহ একজনকে গ্রেফতার করেছে সিআইডি।

গ্রেফতার কৃত ব্যাক্তির নাম বুলবুল ইসলাম।

রাজধানীর সিআইডি কার্যালয়ে শনিবার দুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার ভোরে রাজধানীর দারুস সালামের লালকুঠি মাজার রোডের তৃতীয় কলোনীর সি/১২৫ নম্বর বাসায় অভিযান চালিয়ে ১৭ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরণের সরকারী নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প, জুডিশিয়াল ষ্ট্যাম্প, রেভিনিউ ষ্ট্যাম্প, বেশ কয়েকটি কম্পিউটার ও প্রিন্টারসহ বুলবুল ইসলামকে গ্রেফতার করা হয়।

রুহুল আমিন আরও বলেন, গ্রেফতার বুলবুলের দেওয়া তথ্য মতে একই এলাকার ব্লক-সি এর প্রথম কলোনীর ১৫৮ নম্বর সৌরভ ইসলামের বাসায় অভিযান চালিয়ে ২৬ লাখ ৮৫ হাজার ২০০ টাকা মূল্যের বিভিন্ন ধরণের সরকারী নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প, জুডিশিয়াল ষ্ট্যাম্প, রেভিনিউ ষ্ট্যাম্প, বেশ কয়েকটি কম্পিউটার ও প্রিন্টার উদ্ধার করা হয়।

তবে সৌরভ এখন পলাতক রয়েছেন। সৌরভ ও গ্রেফতার বুলবুল দীর্ঘদিন ধরে জাল ষ্ট্যাম্প তৈরি করে সারাদেশে সরবরাহ করত।

রুহুল আমিন বলেন, গ্রেফতার বুলবুলের দেওয়া তথ্যানুযায়ী আরামবাগের ৮ নম্বর আজিজ প্রিন্টার্স থেকে ওই সকল ষ্ট্যাম্প তৈরির ডাইস উদ্ধার করা হয়। এ ঘটনায় দারুস সালাম থানায় দুটি মামলা করা হয়েছে।

এমআর/এসএইচ