গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাঁজা সেবন করার দায়ে আবু রায়হান (২৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হান্নান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত রায়হান উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামের নায়েব আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জীবনপুর গ্রামে নিজ বাড়িতে গাঁজা সেবন করছিলেন রায়হান। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যান। এসময় তার কাছ থেকে তিন পুরিয়া গাঁজা পাওয়া যায়।

পরে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক রায়হানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওএফ