রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় তৈরী অবৈধ চোলাই মদ, হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
এসময় মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ৫ শ’ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মো. খোকন মন্ডল (৩৫), জুয়েল মিয়া (২৬), ও রঞ্জু হোসেন রনি (২৮)।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জ ও তেজগাঁও থানাধীন ১৪৩ পূর্ব তেজতুরী বাজারস্থ কলা পট্রির গলির সমকাল বাণিজ্য এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-২ এর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর উপ-পরিচালক(গণমাধ্যম) মারুফ আহমেদ।
তিনি জানান, র্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা মহানগরীর কেরানীগঞ্জ ও তেজগাঁও থানাধীন ১৪৩ পূর্ব তেজতুরী বাজারস্থ কলা পট্রির গলি মাদক ব্যবসায়ীরা দেশীয় চোলাই মদ, হেরোইন বিক্রয় করছে।
এ সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে র্যাব-২ সদস্যরা তাদের আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা বিপুল পরিমান চোলাই মদ, ২৫ পুরিয়া হেরোইন ও হেরোইন বিক্রয়ের মোট ৩৭ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ তারা নিজস্ব প্রযুক্তিতে দেশীয় চোলাই মদ তৈরী করে তা গ্রাহকদের চাহিদা মত স্থানে সরবরাহ করে আসছে। দেশীয় মদ তৈরী ও বিক্রয় ছাড়াও তারা অন্যন্য মাদকদ্রব্য যেমন হেরোইন, ইয়াবা, গাজাও বিক্রয় করত।
এসএইচ





