রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশের সাথে চাঁদাবাজদের গোলাগুলির ঘটনায় মো. বাচ্চু (২০) ও মো. রবিন (১৯) নামে দুই চাঁদাবাজ আহত হয়েছেন। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
বর্তমানে আহত ওই দুই চাঁদাবাজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল।
তিনি জানান, রাজধানীর মেরুল বাড্ডা এলাকার রোড নম্বর ১০, বাড়ি নম্বর ৬৬ নাম্বার বাসার পাঁচ তলার ভাড়াটিয়া শামীমের কাছে চাঁদা আদায়ে যায় ওই দুই চাঁদাবাজ।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এতে পুলিশও পাল্টা গুলি চালালে ওই দুই চাঁদাবাজের ডান পায়ে গুলি লাগে। পরে তাদের আটক করে সন্ধ্যার দিকে ঢামেকে নেওয়া হয়েছে।
চাঁদাবাজ মো. বাচ্চু ও রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। আর এ ঘটনায় আরো ৫ জনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।
জেইউ/এসএইচ





