গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ আসামিকে আগামী ১৩ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার এই নির্দেশ দেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা বিচারিক আদালতে চলবে বলে দেয়া চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশ করেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের হাইকোর্ট বেঞ্চ।
দুদকের মামলাটি বাতিলে প্রধান আসামি খালেদা জিয়ার করা রিট খারিজ করে গতবছরের ৫ আগস্ট সংক্ষিপ্ত এ রায়টি দেয়া হয়।
মঙ্গলবার পূর্ণাঙ্গ রায়ের নথি ঢাকার বিশেষ জজ-৩ আদালতে উপস্থাপন করে শুনানির দিন ধার্যের আবেদন জানান দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
এরপর খালেদাসহ মামলাটির ১৩ আসামিকে আগামী ১৩ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালতের বিচারক আবু আহমেদ জমাদার।
উল্লেখ্য, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর চট্টগ্রাম ও ঢাকার কমলাপুরের কন্টেইনার টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গ্যাটকোকে ঠিকাদার হিসেবে নিয়োগে দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদক।
মামলায় গ্যাটকোকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রের কমপক্ষে ১ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগ করা হয়।
এ মামলায় ২০০৮ সালের ১০ জুলাই খালেদা জিয়া, সাবেক ছয় মন্ত্রীসহ ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
এরপর চার্জশিটভুক্ত আসামি খালেদা জিয়াসহ আসামিদের কয়েকজন ওই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন, যেটি খারিজ হয়ে যায়। এ মামলায় খালেদা জিয়া বর্তমানে জামিনে আছেন।
ওএফ





