মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আপিল শুনানির জন্য আগামীকাল সোমবারের কার্যতালিকায় এসেছে।
রোববার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, মীর কাসেমের আপিল মামলাটি শুনানির জন্য সোমবারের কার্যতালিকায় ২ নম্বরে রাখা হয়েছে।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ শুনানি গ্রহণ করবেন।বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী, মির্জা হোসেইন হায়দার ও মোহাম্মদ বজলুর রহমান।
এর আগে গত ৯ ও ১০ ফেব্রুয়ারি মীর কাসেমের আপিল শুনানি হয়। আদালতে মীর কাসেমের পক্ষে অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও এস এম শাহজাহান শুনানিতে অংশ নেন।
এ ছাড়া অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
গত ২ ফেব্রুয়ারি মীর কাসেম আলীর আপিল শুনানির জন্য ৯ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেন আপিল বিভাগ।
২০১৪ সালের ৩০ নভেম্বর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস চেয়ে আপিল করেন মীর কাসেমের আইনজীবীরা। আপিলে তার খালাসের পক্ষে ১৮১টি যুক্তি তুলে ধরা হয়েছে।
২০১৪ সালের ২ নভেম্বর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মীর কাসেমকে মৃত্যুদণ্ডের রায় দেন।
রাষ্ট্রপক্ষের আনীত ১১ ও ১২ নম্বর অভিযোগে মুক্তিযোদ্ধা জসিম ও জাহাঙ্গীর আলম চৌধুরীকে হত্যার দায়ে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এর মধ্যে ১২ নম্বর অভিযোগে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে রায় দেওয়া হয়।
এ ছাড়া মীর কাসেম আলীকে ২ নম্বর অভিযোগে ২০ বছর; ৩, ৪, ৬, ৭, ৯ ও ১০ নম্বর অভিযোগে সাত বছর করে এবং ১৪ নম্বর অভিযোগে ১০ বছর কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। অপরদিকে ১, ৫, ৮ ও ১৩ নম্বর অভিযোগ থেকে মীর কাসেমকে অব্যাহতি দেওয়া হয়।
এসএইচ





