নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলার মধ্যে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৫ জন হত্যা মামলার বাদী সেলিনা ইসলাম বিউটির অসমাপ্ত জেরা শুরু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে বাদীর জেরা শুরু হয়। একই সঙ্গে আজ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় দায়েরকৃত অপর মামলার পরবর্তী সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে।
পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী সকালে কঠোর নিরাপত্তায় সাত খুনের প্রধান আসামি নূর হোসেন, র্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
এর আগে গত ৭ মার্চ এই মামলাটির বাদী নিহত চন্দন সরকারের জামাতা ডা. বিজয় কুমার পালের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর শীতলক্ষ্ম্যা নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার ৪ সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল একটি মোট ফতুল্লা মডেল থানায় দুটি মামলা দায়ের করেন। দীর্ঘ এক বছর তদন্তের পর তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ ২০১৫ সালের ৮ এপ্রিল মামলার আসামি নূর হোসেন ও র্যাবের প্রাক্তন তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রবিন





