আওয়ামী লীগ নেতা এ বি সিদ্দিকীর দায়ের করা একটি মানহানির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার মহানগর হাকিম মোহাম্মদ আতাউল হকের আদালতে ড. খন্দকার মোশাররফ হোসেনের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও এডভোকেট হাকিমুল আলম সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
এসময় ড. খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাদির অভিযোগ ২০১২ সালের ৩১ ডিসেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ নাকি বলেছেন, সরকার তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করে ষড়যন্ত্রের মাধ্যমে আবারো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। যদি জোর করে ক্ষমতায় থাকতে চায় তা হলে ১৯৭৫ সালে তার বাবার মতো তারও পরিণতি হবে। এ ঘটনায় আওয়ামী নেতা এ বি সিদ্দিকী বাদি হয়ে ২০১৩ সালের ২০ জানুয়ারি একটি মানহানির মামলা করেন।
এএইচ





