মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রায়ে ৯০ বছরের সাজাপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির মৃত গোলাম আযমের মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে।
আগামীকাল মঙ্গলবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের ২নং কার্যতালিকায় আদেশের জন্য এটি রাখা হয়েছে।
সেখানে লেখা আছে প্রফেসর গোলাম আযম বনাম চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে তার মৃত্যুর কারণে মামলাটি অকার্যকর হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছিলেন, ‘মৃত্যুর পর কারও বিচারিক কার্যক্রম পরিচালনার বিধান নেই। তাই স্বাভাবিকভাবেই আপিল মামলাটি অকার্যকর হয়ে যাবে।’ তার আগে আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত আব্দুল আলীম মারা যাওয়ায় তার আপিল মামলাটিও অকার্যকর ঘোষণা করেছেন আপিল বিভাগ।
৯২ বছর বয়সী অধ্যাপক গোলাম আযম গত ২৩ অক্টোবর রাতে দণ্ড ভোগ করা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মারা যান। অসুস্থতার কারণে রায়ের আগে থেকেই ওই হাসপাতালের প্রিজন সেলে রেখে বিচার করা হয়। রায়ের পরও সেখানেই সাজা খাটছিলেন তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায়ে ৯০ বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে খালাস চেয়েছিলেন গোলাম আযম। অন্যদিকে ট্রাইব্যুনালের সাজা অপর্যাপ্ত উল্লেখ করে তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ও জামায়াত নিষিদ্ধের আবেদন জানিয়ে আপিল করে রাষ্ট্রপক্ষও।
অন্যদিকে বিচার চলাকালে মারা যাওয়ার কারণে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফের বিরুদ্ধে মামলা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করে গত ১২ ফেব্রুয়ারি নিষ্পত্তি করে দিয়েছেন ট্রাইব্যুনাল-২।
জেআই





