ব্লগার নিলাদ্রি চ্যাটার্জি ওরফে নিলয় নীল হত্যাকাণ্ডের তদন্তকাজে পুলিশকে সহযোগিতা করার আগ্রহের কথা জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই।
শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশকে ফোন করে এফবিআই’র পক্ষ থেকে তদন্তে সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয় বলে উপকমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান।
এ সময় এফবিআই তদন্তে সহয়তা করার ইচ্ছা প্রকাশ করে এবং তারা বলেছে, রাষ্ট্রীয়ভাবে অনুমতি পেলে তারা তদন্ত করবে।
শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানী ঢাকার খিলগাঁওয়ের গোড়ানে নিজের বাসায় খুন হন ব্লগার নিলয় নীল।
জুমার নামাজের পর চার যুবক বাসা দেখতে আসার কথা বলে ওই বাসায় ঢোকে এবং নিলয়কে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে চলে যায়।
গণমাধ্যমে পাঠানো ই-মেইল বার্তায় হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) বাংলাদেশ শাখা আনসার আল ইসলাম।
এর আগে গত ফেব্রুয়ারিতে ঢাকায় ব্লগার অভিজিৎ রায় এবং সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার দায় স্বীকার করে একিউআইএসের বাংলাদেশ শাখা আনসার বাংলা নামে টুইট করা হয়েছিল।
বাংলাদেশি বংশদ্ভূত মার্কিন নাগরিক অভিজিৎ হত্যার তদন্তকাজে এফবিআই এগিয়ে আসলেও এখনো ঘটনার কোনো কূল-কিনারা করতে পারেনি পুলিশ।
এসএইচ





