রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে গ্রেফতার তিন জেএমবি সদস্যেকে ফের ৪দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

শুক্রবার ঢাকা মহানগর হাকিম ইউনুস খান এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া তিনজন হলেন- আবু সাঈদ ওরফে রাসেল ওরফে সালমান (২২), ইলিয়াস ওরফে ওমর ফারুক (২৩) ও মোহসীন আলী ওরফে রুবেল (২০)।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. মুমিন খান আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সাত দিন রিমান্ডের আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আটক এই তিন আসামি জেএমবির সক্রিয় সদস্য। জেএমবির সেকেন্ড ইন কমান্ড পলাতক আসামি মুস্তাফিজুর রহমান ওরফে শাকিল এবং সোহেল রানা ওরফে হীরন ওরফে কামালকে গ্রেফতারের জন্য এ আসামিদের নিয়ে অভিযান পরিচালনা করা প্রয়োজন।

ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ করাও প্রয়োজন। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

প্রসঙ্গত ,গত ২৪ ডিসেম্বর রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে একটি জঙ্গি আস্তানায় প্রায় ১৪ ঘণ্টা অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মোট সাতজনকে আটকের কথা জানায় পুলিশ।

ওই অভিযানের ২২ ঘণ্টা পর শুক্রবার পাঁচজনকে আসামি করে রাজধানীর শাহ আলী থানায় মামলা হয়। এদের মধ্যে দুজনকে পলাতক দেখিয়ে তিনজনকে মামলায় গ্রেফতার দেখানো হয়।

পরদিন ২৫ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মুমিন খান তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করেন। ওই দিন আদালত তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

এমকে