যৌন হয়রানির অভিযোগের মামলায় বেসরকারি আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসের বিচার শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ সফিউল আজমের আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ বিচার কার্যক্রম শুরু হলো।

অভিযোগ গঠন শেষে আগামী ১৫ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন আদালত। শুনানি উপলক্ষে আজ কারাগার থেকে মাহফুজুর রশিদকে আদালতে হাজির করা হয়।

গত ৩০ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পুলিশের উপপরিদর্শক আফরোজ আইরীন কলি আসামি ফেরদৌসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চলতি বছরের ৩ মে বিশ্ববিদ্যালয়টির ছাত্র আসাদুল্লাহ আল সায়েম কলাবাগান থানায় যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা করেন।

এ মামলায় এইউএসটির বহিষ্কৃত এই শিক্ষককে গত ৪ মে রাতে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর ঢাকার মহানগর হাকিম কাজী কামরুল ইসলামের আদালতে ৭ মে ফেরদৌস স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর আগে ৩০ এপ্রিল মাহফুজুর রশিদ ফেরদৌসকে বরখাস্ত করে এইউএসটি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ছাত্রদের আন্দোলনের মুখে এক জরুরি বৈঠকে তাকে বহ্ষ্কিারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই মামলার অভিযোগপত্রে বলা হয়, শিক্ষক ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রীকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে এবং প্রশ্নপত্র ও মৌখিক পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার প্রলোভন দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন।

এক ছাত্রীর সরলতার সুযোগে নিজের বাসায় ডেকে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন এবং তার ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেন।

এমবি