পূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদারসহ বেশ কয়জনের বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা যায়, সম্প্রতি পূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদারসহ সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ বাছাই শেষে কমিশনের সভায় বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে দুদকের উপ-পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলমকে ওই অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়।
দুদক সূত্র জানায়, কামাল উদ্দিন তালুকদার অন্য কর্মকর্তা-কর্মচারিদের যোগসাজশে সরকারের পরিত্যক্ত সম্পত্তি ভুয়া ব্যক্তির নামে ছাড় করান। পরে তিনি নিজেই জালিয়াতি প্রতারণার মাধ্যমে আত্মসাত করেন।
এছাড়া রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন ৬০ একর সরকারি খাস জমি দখলের অভিযোগ অনুসন্ধান শেষে প্রতিবেদন দাখিলের জন্য দুদকের আরেক কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। দুদকের বাছাই কমিটির সুপারিশের প্রেক্ষিতে দুদকের উপ-সহকারি পরিচালক মোঃ আমির হোসেনকে এ অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়।
দুদক সূত্র জানায়, ধানমন্ডির শংকর এলাকার তৎকালীন ইউপি চেয়ারম্যান আবুল হাশেম এবং নসরুল্লাহসহ আরো বেশ কয়েকজন প্রভাবশালী ব্যাক্তি ওই এলাকার সরকারি (ডোবা) খাস জমি নিজেদের দাবি করে জালিয়াতির মাধ্যমে অন্যের কাছে বিক্রি করেন।
বর্তমানে নিরীহ ও সাধারণ মানুষ তুলনামূলক কমদামে এ প্রতারক চক্রের কাছ থেকে সরকারি জমি কিনে প্রতারিত হয়েছেন। ফলে প্রতারিত লোকজনের পক্ষ থেকে এ অভিযোগটি দুদকে জমা হয়। পরে দুদকের বাছাই কমিটি এ বিষয়টি অনুসন্ধানের পক্ষে অভিমত দেয়। ফলে এ বিষয়টি অনুসন্ধানের জন্য দুদকের উপ-সহকারি পরিচালক মোঃ আমির হোসেনকে দায়িত্ব দেয়া হয়।
একে





