ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার সাহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের নিকট এক মানবাধিকার কর্মী লিখিত অভিযোগ দাখিল করেছেন।
মানবাধিকার সংগঠন হোপস ডোর বাংলাদেশের চেয়ারম্যান শামিমুন নাহার লিপি বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন।
অভিযোগে বলা হয়েছে, “বিচারক বিকাশ কুমার সাহা তার পদের মাধ্যমে আইনের অপব্যবহার করছেন। এছাড়া তিনি ঘুষ নিয়ে অপরাধীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে চক্রান্ত করেন। বিভিন্ন মামলার প্র্রয়োজনীয় নথিপত্র গায়েব করে ফেলা হয় এ বিচারকের নির্দেশে, যার মাধ্যমে সুবিচার ব্যাহত হয়। বিচারকের এসব কর্মকান্ডের কারণে মানবাধিকার কর্মীর মৌলিক এবং সাংবিধানিক অধিকার ভঙ্গ হচ্ছে”।
একই সঙ্গে এসব সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
লিপি বলেন, তিনি একজন বাংলাদেশী এবং আমেরিকান নাগরিক। ছোটবেলা থেকেই তিনি আমেরিকায় বসবাস করেন। মাঝেমাঝে দেশে আসেন।তার ফুফাতো ভাই অ্যাডভোকেট ফুয়াদ হোসেন সম্পত্তি হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে বিচারক বিকাশ কুমার সাহার সাথে যোগসাজশ করে তার বিরুদ্ধে বেশকিছু মিথ্যা মামলা দিয়েছে। যার কারণে তিনি মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে এসব বানোয়াট মামলা থাকার কারণে তিনি আমেরিকায় যেতে পারছেন না, যার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি বলেন, এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য গত ১ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়, আইন মন্ত্রণালয়, স্বরাস্ট্র মন্ত্রণালয়, প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের নিকট লিখিত আবেদন করেন। সেসময় প্রধান বিচারপতি এ বিষয়টি জেনে দুঃখ প্রকাশ করেছেন এবং মর্মাহত হয়েছিলেন। সেদিন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের ব্যক্তিগতভাবে কথা হয়েছিল। তিনি এ বিষয়ের সমাধানের জন্য বিচারকের সাথে কথা বলবেন বলে আশ্বস্ত করেছিলেন।
লিপি বলেন, এরপর রেজিস্ট্রার কথা বললেও কোন সমাধান না হওয়ায় আবারো নতুন করে বিষয়টি লিখিত আবেদনের মাধ্যমে অবহিত করলাম। এ বিষয়টি আমেরিকান দূতাবাসকেও জানানো হয়েছে। এ বিষয়ে সমাধান না হলে তার অধিকার রক্ষার জন্য উচ্চ আদালতে রিট করবেন বলে জানান এ মানবাধিকার কর্মী।
ঢাকা, কেএ, ২৪ জুলাই(টাইমনিউজবিডি.কম), এনএস





