তিনটি বৃহৎ হাসপাতালকে কেন ধূমপানমুক্ত রাখার নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার চারটি সংঠনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে হাসপাতাল তিনটিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর বিধি ৪ ও ৬ অনুসারে ধূমপানমুক্ত রাখার জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে মহামান্য হাইকোর্টকে ৪ সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে হাসপাতাল ও সকল বিবাদিকে নির্দেশ দেয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও সরকারী কর্মচারী হাসপাতালের কর্তৃপক্ষের প্রতি উক্ত রুল জারি করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকেও রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে তামাকবিরোধী চারটি সংগঠন ঢাকা আহ্সানিয়া মিশন, উবিনীগ, ইসি বাংলাদেশ ও প্রজ্ঞার পক্ষ থেকে উক্ত হাসপাতালগুলোতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন লংঘনের অভিযোগ এনে হাইকোর্টে রিট আবেদন করা হয়।  উল্লেখ্য, রিট আবেদনের পূর্বে আবেদনকারী সংগঠনগুলোর পক্ষ থেকে হাসাপাতালগুলোতে জরিপ পরিচালনা করা হয় এবং সে জরিপের ফলাফল প্রকাশের জন্য গত ১৬ এপ্রিল ২০১৪ আয়োজিত সংবাদ সম্মেলনে আইন লংঘন প্রতিরোধকল্পে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহের প্রতি আহ্বান জানানো হয়েছিল।

ঢাকা,১৬ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর