একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজারের ৫ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আজ (বুধবার) দিন ধার্য রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অভিযুক্ত ৫ আসামি হলেন- শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী।

এর মধ্যে ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী ছাড়া বাকিরা পলাতক রয়েছেন। ওজায়ের আহমেদ চৌধুরীর আইনজীবী মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের ৫ টি অভিযোগ আনা হয়েছে এ মামলার ৫ জনের বিরুদ্ধে।

২০১৪ সালের ১২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। ২০১৬ সালের ২৬ মে এই ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

গত বছরের ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ওইদিন বিকেলেই রাজনগর উপজেলার গয়াসপুর গ্রামের ওজায়ের আহমেদ চৌধুরী (৬০)’কে মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে ও সোনাটিকি গ্রামের মৌলভী ইউনুছ আহমদ (৭০)’কে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

এরপর ২০ জানুয়ারি তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এমবি