জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার  জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার এ পরোয়ানা জারি করেন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল।
এর আগে রোববার জব্বারের বিরুদ্ধে ৫টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ট্রাইব্যুনাল-১ এ ৭৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন।
ফরমাল চার্জের সঙ্গে ৯৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন, ৬ খণ্ডের কেস ডায়েরি, সচিত্র প্রতিবেদন, ‘একাত্তরের ঘাতকেরা’ ভিডিও ইত্যাদি জমা দেওয়া হয়।
আনুষ্ঠানিক অভিযোগ সূত্রে জানা গেছে, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, ধর্মান্তরিতকরণ, লুটপাট ও অগ্নিসংযোগে পিরোজপুরের মঠবাড়িয়ার ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে।
তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের ৫টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ৩৬ জনকে হত্যা ও গণহত্যা, ২০০ জনকে ধর্মান্তরিতকরণ এবং ৫৫৭টি লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তার অপরাধের ঘটনাস্থল মঠবাড়িয়ার ফুলঝড়ি, ললি ও আঙ্গুলকাটা।
ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে সাক্ষী করা হয়েছে ৪৬ জনকে। তাদের মধ্যে ৪০ জন ঘটনার এবং ৬ জন জব্দ তালিকার সাক্ষী।
সূত্র জানায়, ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের শ্বশুর ছিলেন স্থানীয় মুসলিম লীগ নেতা। আর  জব্বার  ছিলেন থানা শান্তি কমিটির চেয়ারম্যান। তিনি ১৯৫৬ সালে ইঞ্জিনিয়ারিং পাস করেন। বর্তমানে তার বয়স হবে আনুমানিক ৮০ বছর।
এর আগে ২৯ এপ্রিল ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে ৯৯ পৃষ্ঠার মূল প্রতিবেদনসহ ১ হাজার ৯০০ পৃষ্ঠার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেন তদন্ত সংস্থা।
তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে তদন্ত করেছেন। গত বছরের ১৯ মে তদন্ত শুরু হয়ে গত ২৭ এপ্রিল শেষ হয়। যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে তদন্তের বিষয়টি আঁচ করতে পেরে এই ব্যক্তি সম্ভবত তদন্ত শুরুর আগেই যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তদন্ত সংস্থা।
সূত্র জানায়, জব্বার ইঞ্জিনিয়ার বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তার বড় মেয়ের বাসায় আছেন। সেখানে তার বড় ছেলে নাসির উদ্দিনও থাকেন।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]