দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় সিডরে ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধ মেরামত করতে কর্তপক্ষের নিস্ত্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত এলাকার বাঁধ মেরামতের জন্য পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

পানি উন্নয়ন, অর্থ, পরিকল্পনা,স্থানীয় সরকার ও ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের আগামী ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম উপস্থিত ছিলেন।

২০০৯ সালে সিডর এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় আইলায় দক্ষিণাঞ্চলের বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী জেলার কতিপয় স্থানে বাঁধ মেরামত না করায় হাজার হাজার মানুষ লবণাক্ত পানির মধ্যে বাস করতে বাধ্য হচ্ছে। এই বিষটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গত ২ মার্চ হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠন হাইকোর্টে একটি রিট দায়ের করে।

আজ (বুধবার) ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট এ রুল জারি করলেন।

ইআর/কেএইচ