গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এ আলমগীর হোসেন (৪০) নামের এক বন্দী মারা গেছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নিহত আলমগীরের বাড়ি ঢাকার নবাবগঞ্জ এলাকায়। কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ থানায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন আলমগীর হোসেন। গ্রেপ্তারের পর আলমগীরকে এ বছরের ২৫ এপ্রিল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এ নেয়া হয়।
গতকাল রাতে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে গাজীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আলমগীর হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





