বাগেরহাটের মোরেলগঞ্জ ও ফকিরহাটে পৃথক ২টি হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ এর বিচারক এসএম সোলায়মান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন,মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামের সোবাহান কাজীর ছেলে মঞ্জু কাজী,রহমান কাজীর ছেলে সহিদুর রহমান,কুদ্দুস খানের ছেলে মিলন খান ও ফকিরহাট উপজেলার পিলজংগ বড়বাড়ি গ্রামের নাসির উদ্দিন মোল্লার ছেলে আছমত আলী মোল্লা।
জানা যায়,মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামের মো. শাজাহান খান অ্যাড. হারুনের মৎস্য ঘেরের পাহারাদার ছিল। আসামিরা তার কাছ থেকে জমি ক্রয় করার কথা বলে টাকা নেয়। পরে জমি না দিয়ে তালবাহানা শুরু করে।
একপর্যায়ে ২০০১ সালের ২৬ মে রাতে আসামিরা ঘের পাহারাদার শাজাহান খানকে পরিকল্পিতভাবে হত্যা করে পাশের একটি মৎস্য ঘেরে লাশ ফেলে রাখে। এ ঘটনায় নিহতের বাবা মোজাম্মেল হোসেন খান বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেন।
মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত মঞ্জু কাজী,সহিদুর রহমান কাজী ওরফে সহিদুল ইসলাম,মিলন খানকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।
অপর মামলার বিবরণে জানা গেছে,২০০৭ সালের ২ জানুয়ারি রাত ৯টার দিকে ফকিরহাট উপজেলার পিলজঙ্গ গ্রামের খালেক লস্করের ছেলে আ. মালেক লস্করকে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষ আসমত আলী মোল্লা ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ফকিরহাট থানায় একটি মামলা করেন। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আছমত আলী মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]