একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজামীর জন্য একমাত্র ফাঁসির রায়ই প্রযোজ্য বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। আর এজন্যই তাকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মৃত্যুদন্ডের এই রায় দেন।
নিজামীর বিরুদ্ধে আনা ১৬ অভিযোগের মধ্যে ৮টিতে দোষী সাব্যস্ত হওয়ায় নিজামীর বিরুদ্ধে মৃত্যুদন্ডাদেশ দেয়া হলো বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে।
প্রমাণিত ৮ অভিযোগের মধ্যে হত্যা ও ধর্ষণ সংক্রান্ত ৪ মামলায় মাওলানা নিজামীকে মৃত্যুদন্ড এবং বাকি ৪ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর হায়দার আলী এ রায়কে ঐতিহাসিক উল্লেখ করে বলেন এর মধ্য দিয়ে আইনের শাসন কায়েম হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, একাত্তরে ৩০ লাখ শহীদ ও ২ থেকে ৪ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে- এই রায়ের মধ্য দিয়ে সেইসব শহীদদের আত্মা সন্তুষ্ট হবে।
কেবি, কেএ





