সপ্তম দফায় ফের নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলার দায়রা জজ আদালতে তোলা হবে৷ এদিন নূর হোসেনের সঙ্গে তার দুই সহযোগী আহাদুজ্জামান সেলিম এবং খান সুমনের মামলার শুনানি হবে৷
নূর হোসেনের সঙ্গে কলকাতায় ধরাপড়া খান সুমন গত ১৮ আগস্ট উত্তর চব্বিশ পরগনার জজ কোর্ট থেকে জামিন পেলেও বেশকিছু কাগজপত্রের জটিলতার কারণে কারাগার থেকে মুক্তি পায়নি৷
অন্যদিকে ১৪ দিন আগে কোনো এক অজ্ঞাত কারণে ষষ্ট দফায় শুনানির দিনে নূর হোসেনসহ তার সঙ্গে ধৃত দুই সহযোগীকে আদালতে আনা হয়নি৷ এই দুটি বিষয়ের কারণ নিয়ে গণমাধ্যমের কর্মীরাও অন্ধকারে৷ সবমিলিয়ে শুক্রবারের শুনানির আগে নূরকে আদালতে হাজির না করা এবং খান সুমন জামিন পেয়েও মুক্ত হতে না পারার কারণ জানতে আদালত চত্বরে বাংলাদেশি গণমাধ্যমের কলকাতা প্রতিনিধিদের ভিড় এবং উৎসাহ বেশি থাকবে৷
ইতোমধ্যে নারায়ণগঞ্জের আদালত বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে অনুরোধ করতে বললেও উত্তর চব্বিশ পরগনা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বিকাশরঞ্জন দে জানান, নূর হোসেনসহ তার সহযোগীদের দেশে ফেরার কোনো কাগজপত্র আদালতে পৌঁছায়নি৷
গত ১৪ জুন বিধাননগর পুলিশের হাতে ধরা পড়ার পর থেকেই নূর হোসেন বলছে, সে নির্দোষ এবং তাকে ফাঁসানো হয়েছে৷ এমনকি র্যাবকে টাকা দেওয়ার বিষয়টি সে অস্বীকার করেছে৷ নূরের দাবী, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি খতিয়ে দেখা হোক৷ এমনকি নিহত নজরুল ইসলামের সঙ্গে তার কখনও বিবাদ ছিল না৷ তাই তাকে খুন করার প্রশ্নই আসে না৷
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





