অবশেষে জামিন পেয়েছে সেই শিশুটি। এই শিশুটিকেই ২০১৩ সালের ২৮ অক্টোবর বিমানবন্দর এলাকায় পটকা ফোটানোর রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।
আজ ঢাকার শিশু আদালতের বিচারক জেসমিন আরা বেগম শিশুটির জামিন মঞ্জুর করেন। এ সময় শিশুর আইনজীবীর উদ্দেশে বিচারক বলেন, ‘আপনারা মানবাধিকারের পক্ষে যাঁরা কাজ করেন, তাঁরা এত দিন কোথায় ছিলেন?
কেন এত দিন শিশুটি আইনগত সহায়তা পেল না? আপনাদের সংগঠনের অনেককেই আমি দেখি না। এই সব শিশুদের অবশ্যই আইনগত সহায়তা অধিকার রয়েছে।’
গ্রেপ্তার হওয়ার পর থেকে শিশুটি টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দী ছিল। এ নিয়ে আজ গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর মানবাধিকার সংগঠন ব্লাস্ট-এর আইনজীবী ওই শিশুটির পক্ষে আদালতে জামিন আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে তাঁকে জামিন দেন আদালত।
বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর শিশুটির বিচার শুরু হয় শিশু আদালতে। এ মামলায় গত ১৫ মাসে মোট ১৮ জন সাক্ষীর মধ্যে মাত্র একজন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
এসএইচ





