মোটরসাইকেল চুরির মামলায় লক্ষ্মীপুর জেলা কারাগারে বন্দি এক আসামিকে নির্যাতনের অভিযোগে জেল সুপার মাহবুবুল আলম ও জেলার জয়নাল আবেদিনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার দুপুরে নিজের মামলার হাজিরা দিতে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে গিয়ে 'নির্যাতনের শিকার' আসামি সুমন নিজেই বাদী হয়ে মামলাটি করেন। মামলার অপর দুই আসামি হলেন‑কারাগারের জমাদার আবু তাহের ও আরপি মো. কাউছার।
লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাছিদ মামলাটি আমলে নিয়ে বাদী সুমনের শারীরিক পরীক্ষা করে জেলা সিভিল সার্জনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর জেলা কারাগারে বন্দিদের সঙ্গে খারাপ আচারণ, টাকার জন্য চাপ প্রয়োগ ও নিম্নমানের খাবার পরিবেশন করে যাচ্ছে জেলারসহ কারারক্ষীরা। এর প্রতিবাদ করায় গত শুক্রবার দুপুরে কারাগারের জমাদারের রুমে নিয়ে জেল সুপার মাহবুবুল আলম, জেলার জয়নাল আবেদিনের সহযোগিতায় জমাদার আবু তাহের ও আরপি কাউছার রোল দিয়ে সুমনকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে শারীরিক নির্যাতন চালায়।
সুমনের আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওয়াহব জানান, সুমনকে নির্যাতনের ঘটনায় জেল সুপার মাহবুবুল আলম, জেলার জয়নাল আবেদিনসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সুমনের শারীরিক পরীক্ষা করে জেলা সিভিল সার্জনকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে মামলার আসামিদের বক্তব্য আদালতে দাখিলের আদেশ দিয়েছেন।
এদিকে জেলার মো. জয়নাল আবেদিন নির্যাতনের কথা অস্বীকার করে জানান, একটি চক্র কারাগারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সুমনকে দিয়ে মামলা করেছে।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





