রাজধানীর কাকরাইলে নিজ বাসায় মা ও ছেলেকে হত্যার ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ (সোমবার) ঢাকার মহানগর হাকিম নূর নবী এ দিন ধার্য করেন। ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু রমনা থানা পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন ধার্য করেন।

গত ২ নভেম্বর রাতে নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল জানান, মামলার আসামিরা হলেন- শামসুন্নাহারের স্বামী আবদুল করিম (৫৬), তাঁর তৃতীয় স্ত্রী চিত্রনায়িকা শারমিন আক্তার মুক্তা (২৫) ও মুক্তার ভাই আল-আমিন ওরফে জনি (৩৩)।

গত ১ নভেম্বর কাকরাইলের একটি বহুতল ভবনের ফ্ল্যাটে গলা কেটে হত্যা করা হয় শামসুন্নাহার ও তাঁর ছেলে শাওনকে। খবর পেয়ে ভিআইপি রোডের ৭৯/১ মায়াকানন নামের বাসাটিতে যায় পুলিশ। সেখান থেকে মা ও ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

এমবি