যশোর থেকে বাস নিয়ে কক্সবাজার হয়ে টেকনাফ ও সেইন্ট মার্টিনে পিকনিকে গিয়ে ইয়াবা নিয়ে ফেরার পথে চট্টগ্রামে ধরা পড়েছেন ছয়জন।
শনিবার ভোরে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু থেকে বাসটি আটক করে ছয়জনকে গ্রেপ্তার করে র্যাব।
তারা হলেন- মো. আতিয়ার রহমান (৫৫), বাবলু (৪৭), ইকবাল হোসেন (৩৭), আমিনুর রহমান (২৫), জুয়েল (৩৯) ও মাসুদ রানা (৩১)। এদের মধ্যে জুয়েল বাসচালক।
র্যাব-৭-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, বুধবার যশোর থেকে পিকনিকের জন্য ৪০ যাত্রী নিয়ে কপবাজারে আসে বাসটি। সেখান থেকে টেকনাফ যায় তারা।
অন্য যাত্রীরা সেন্টমার্টিন বেড়াতে গেলেও গ্রেফতার ছয়জন টেকনাফে থেকে যায়। তারা সেখান থেকে ইয়াবা সংগ্রহ করে বাসের মালপত্র রাখার জায়গায় লুকিয়ে রাখে। ইয়াবা নিয়ে তারা যশোরে ফিরছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বাসটির মালিক আতিয়ার রহমান। পিকনিকের আয়োজক। পিকনিকের আড়ালে ইয়াবা পাচারের পরিকল্পনা ছিল ওই ছয়জনের।
এএস





