রাজধানীর উত্তরখানে কোমলপানীয় কোকাকোলা পানে কামাল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (০৩ সেপ্টেম্বর) রাতে উত্তরখানের কুড়িপাড়ায় একটি বাসায় এই ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত কামাল উত্তরখানের কুড়িপাড়ায় পরিবারের সাথে থাকতেন।  

কামালের মা সাকিরন নেসা’র বরাত দিয়ে উত্তরখান থানার এসআই মনিরুজ্জামান আকন্দ জানান, সোমবার (০৩ সেপ্টেম্বর) রাতে স্ত্রী সুমী আকতার কামালকে কোমলপানীয় কোকাকোলা খেতে দেন। কামাল তা খান। স্ত্রীও সামান্য খান। পরে কামাল অসুস্থ হয়ে পড়লে তাকে আব্দুল্লাহপুর ‘আইচি’হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

পরে আজ(মঙ্গলবার) সকালে ওই হাসপাতালের আইসিইউ থেকে কামালের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

এসআই মনিরুজ্জামান বলেন, আইচি হাসপাতালের চিকিৎসক ডা. সুমন মৃত্যু সনদপত্রে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেছেন, “আননোন পয়জনিংয়ে (কোকাকোলা) তার মৃত্যু হয়েছে।”

মনিরুজ্জামান বলেন, কামাল উদ্দিনের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। তার খাওয়া কোমলপানীয় কোকাকোলায় কোন সমস্যা ছিলো না কি তাতে কোন বিষক্রিয়া মেশানো হয়েছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।  

এমবি