মাওয়ায় পদ্মায় ডুবে যাওয়া এমএল পিনাক-৬ লঞ্চ মালিক আবু বকর সিদ্দিক কালু ও ছেলে ওমর ফারুক লিমনকে ৪ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে মুন্সীগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-৬ আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের পুলিশ পরিদর্শক কুদ্দুসুর রহমান শিকদার জানান, ৪ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে ১৬১ ধারায় পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক তথ্য জানিয়েছেন পিনাক-৬ এর মালিক বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক কালু।

এ জন্য আদালতের বিচারক বিকালে লঞ্চ মালিকের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করার কথা থাকলে আদালত তা করেননি। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

তিনি জানান, ৪ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় পিনাক মালিক আবু বক্কর সিদ্দিক কালু লঞ্চডুবির জন্য চালক, সুকানি ও মাস্টারকে দায়ী করেছেন এবং এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য পুলিশের কাছে নিজ দায়ও স্বীকার করেছেন।

গত ৪ আগস্ট মাওয়ার অদূরে এমএল পিনাক-৬ লঞ্চ ডুবির ঘটনায় এ পর্যন্ত ৪৯ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৬১ যাত্রী। এ ঘটনায় মামলা রুজুর পর র্যাদব সদস্যরা চট্রগ্রাম থেকে পিনাক-৬ এর মালিক ও ঢাকা থেকে ছেলেকে গ্রেফতার করেন।

এরপর আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য ১৮ আগস্ট বাবা-ছেলেকে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই