সম্পদের হিসাব বিবরণী চেয়ে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের আবেদনও নিষ্পত্তি করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রোববার (২১ আগস্ট) এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। ডেসটিনির দুই শীর্ষ কর্মকর্তার পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি।
এ স্থগিতাদেশের ফলে দুদকের নোটিশের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

গত ১৫ জুন রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেনকে সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিশ দেয় দুদক। এরপর হিসাব দাখিলের জন্য ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন তারা। আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক ৭ দিন সময় দেয়।

কিন্তু সম্পদের হিসাব না দিয়ে তারা নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। ২৬ জুলাই থেকে ০১ আগস্ট পর্যন্ত এ রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

এমএনজে