বিদেশে অর্থ পাচারের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের জামিন আবেদন ফের ফিরিয়ে দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এই নেতার আবেদন ফিরিয়ে দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
গত ৬ এপ্রিল হাইকোর্টের আরো একটি বেঞ্চ ওই আবেদন ফিরিয়ে দিয়েছিল।
এর আগে গত ২৪ মার্চ মোশাররফ হোসেনকে হাইকোর্টের দেয়া ছয় মাসের আগাম জামিন বাতিল করে রায় দেন আপিল বিভাগ।
১০ ফেব্রুয়ারি হাইকোর্ট  একই বেঞ্চ বিএনপির স্থায়ী কমিটির ওই সদস্যের ৬ মাসের আগাম জামিন মঞ্জুর করেন।
চলতি বছরের ৬ ফেব্রুয়ারি অর্থ পাচারের অভিযোগে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পর ১২ মার্চ গুলশানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা।
দুদকের মামলার বলা হয়, খন্দকার মোশাররফ বিভিন্ন সময়ে ৯ কোটি ৫৩ লাখ ৯৪ হাজার ৩৮১ টাকা বিদেশে পাচার করেছেন।
তিনি মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার,দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা গোপন করে দেশে বিদ্যমান আইন লঙ্ঘন করেছেন।
মোশাররফ ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথ নামে যুক্তরাজ্যে ৮ লাখ ৪ হাজার ১৪২ দশমিক ৪৩ বৃটিশ পাউন্ড জমা করেন বাংলাদেশী মুদ্রায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা।
[b]ঢাকা, কেএ, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]