রাজধানীর হাজারীবাগ এলাকায় অবস্থিত ১৫৪টি ট্যানারি কারখানাকে ৩০ কোটি ৮৫ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে এই অর্থ জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ১৫৪ ট্যানারির মালিককে হাজারীবাগ এলাকায় থাকতে হলে প্রতিদিন ১০ হাজার টাকা জরিমানা দিতে বলা হয়েছিল।

গত বছরের আগস্ট পর্যন্ত এসব প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা দিলেও এর পরবর্তী সময়ে তারা ধারাবাহিকতা রাখেনি। বিষয়টি আদালতের নজরে আনার পর শিল্প মন্ত্রণালয়ের সচিবকে তলব করেন হাইকোর্ট।

গত ১৩ ফেব্রুয়ারি শিল্পসচিব হাজির হলে আদালত যেসব প্রতিষ্ঠানের মালিক টাকা দিচ্ছেন না, তাঁদের তালিকা দিতে বলেন। সে অনুযায়ী গতকাল আদালতে তালিকা জমা দেওয়া হয়। আজ আদালত ১৫৪টি প্রতিষ্ঠানকে উল্লিখিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলেন।

এর আগে গত বছরের ১৮ জুলাই আপিল বিভাগ ১৫৪টি প্রতিষ্ঠানকে সাভারের হেমায়েতপুরে স্থানান্তরের নির্দেশ দেন। স্থানান্তর না হওয়া পর্যন্ত প্রতিদিন ১০ হাজার টাকা জরিমানা গুনতে হবে বলে রায়ে বলা হয়।

এমবি