রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকায় একটি স্কুলের গলিতে এক ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রকে কোপানো হয়।

আজ বুধবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ছাত্রের নাম সজীব (১৪)। তার বাবার নাম আবদুর রশিদ। তাদের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়।

সজীবের দুলাভাই আল মাহমুদ বাবু জানান, তাঁর শ্বশুরবাড়ির লোকজন পশ্চিম শেওড়াপাড়া এলাকার একটি বাসায় থাকে। বাসার কাছে হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে পড়ত তাঁর শ্যালক।

গতকাল রাত সাড়ে ১০টার দিকে ওই প্রতিষ্ঠানের গলিতে স্থানীয় সৌরভসহ আরো ২-৩জন সজীবের ঘাড়ে ও পিঠে চাপাতি দিয়ে কোপ দেয়। পরে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢামেকে আনার পর আজ সকালে সজীবের মৃত্যু হয়।

মাহমুদ বাবু আরো জানান, কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, তা তিনি জানেন না।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য সজীবের লাশ মর্গে রাখা হয়েছে।

এমবি