রাজশাহী চারঘাটে ডাকাতির প্রস্তুতির সময় বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
চারঘাট-বাঘা মহাসড়কের হাজির ঢালান বিলে বৃহস্পতিবার মধ্যরাতের এ ঘটনায় র্যাবের চার সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।
এছাড়া ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, রাতে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে উপস্থিত হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা পিছু হটে।
পরে হাজির ঢালান বিল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজন ডাকাত সদস্যকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহত ডাকাত দলের সদস্যের নাম পরিচয় জানা যায়নি।
চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, লাশ থানায় আছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
এমআর





