জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আদালতে না আসায় তার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারপতি এ বি এম নিজামুল হক পরর্বতী সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার এ দিন ধার্য করেন।

এ মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। তিনি না আসায় রাষ্ট্রপক্ষের আইনজীবী তাসলিমা ইয়াসমিন দিপা সময়ের আবেদন করেন। এ সময় তিনি আদালতকে বলেন- আমরা এর পরবর্তি তারিখে যে কোনো উপায়ে তদন্তকারী কর্মকর্তাকে হাজির করব।

তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির না হওয়ায় তার সাক্ষ্যগ্রহণের জন্য এ পর্যন্ত পাঁচবার সময় আবেদন করা হয়।

এ মামলার ৩৭ জন সাক্ষীর মধ্যে ২৬ জন ট্রাইব্যুনালে বিভিন্ন সময়ে সাক্ষ্য দিয়েছেন।

২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জুবায়ের আহমেদকে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতাকর্মীরা কুপিয়ে জখম করে। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জুবায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের ছাত্র ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়ায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে আশুলিয়া থানায় ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।

আসামিরা হলেন- প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র খন্দকার আশিকুল ইসলাম ও খান মোহাম্মদ রইস, দর্শন বিভাগের নাজমুল হুসেইন প্লাবন, শফিউল আলম সেতু, অভিনন্দন কুণ্ডু অভি, মাহমুদুল হাসান মাসুদ, রাশেদুল ইসলাম, ইসতিয়াক মেহবুব অরূপ, সরকার ও রাজনীতি বিভাগের মাহবুব আকরাম, জাহিদ হাসান, নাজমুস সাকিব তপু, মাজহারুল ইসলাম ও কামরুজ্জামান সোহাগ।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ